প্রিন্ট এর তারিখঃ Sep 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 13, 2026 ইং
পলিসি ক্যাম্প ২০২৬-এ চট্টগ্রামের ফাইনালিস্ট সাঈদ আনোয়ার তকি

তরুণদের নেতৃত্ব বিকাশ, জননীতি সম্পর্কে জ্ঞান অর্জন এবং নীতি-নির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত ‘পলিসি ক্যাম্প ২০২৬’-এ চট্টগ্রাম জেলা থেকে ফাইনালিস্ট নির্বাচিত হয়েছেন তরুণ সংগঠক মো. সাঈদ আনোয়ার তকি।
ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (IID) ও ইয়ুথ ফর পলিসি (YfP)-এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে দেশের বিভিন্ন জেলার তরুণদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রতিযোগিতামূলক বাছাই ও মূল্যায়ন প্রক্রিয়া শেষে নির্বাচিত ৩০ জন ফাইনালিস্টের মধ্যে জায়গা করে নিয়েছেন চট্টগ্রামের সাঈদ আনোয়ার তকি।
আয়োজক সূত্রে জানা যায়, ইয়ুথ ফর পলিসির ৪২ জেলার নেটওয়ার্ক সদস্যদের মধ্য থেকে প্রাথমিকভাবে আবেদনপত্র ও নির্দেশনা অনুযায়ী জমা দেওয়া ভিডিও মূল্যায়ন করে ৮২ জন প্রার্থীকে শর্টলিস্ট করা হয়। পরবর্তী ধাপে গ্রুপভিত্তিক বিশেষ সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের নেতৃত্বের দক্ষতা, কার্যকারিতা ও সম্ভাবনা মূল্যায়ন করা হয়। কয়েক ধাপের যাচাই-বাছাই শেষে সেরা ৩০ জনকে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত করা হয়।
তরুণ নেতৃত্ব, সামাজিক জবাবদিহিতা, দক্ষতা উন্নয়ন ও জননীতি বিষয়ে সচেতনতা তৈরির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন সাঈদ আনোয়ার তকি। চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ের এই প্ল্যাটফর্মে জায়গা করে নেওয়ায় স্থানীয় তরুণ ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
নিজের অনুভূতি জানিয়ে সাঈদ আনোয়ার তকি বলেন, “জাতীয় পর্যায়ের একটি প্ল্যাটফর্মে নিজের জেলা চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের। এই অর্জন শুধু স্বীকৃতি নয়; বরং তরুণদের নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে যুক্ত করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার নতুন দায়িত্বের সূচনা।”
চট্টগ্রামের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তকি বলেন, “বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মানুষের প্রয়োজন, প্রত্যাশা ও বাস্তব সমস্যাগুলো নীতিগত পর্যায়ে তুলে ধরে কার্যকর সমাধানের জন্য কাজ করতে চাই। একই সঙ্গে চট্টগ্রামের আরও তরুণদের এমন সুযোগ ও প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে চাই, যাতে তারা নিজেদের মতামত ও অভিজ্ঞতা নীতি-নির্ধারণের আলোচনায় তুলে ধরতে পারে।”
আয়োজকদের তথ্য অনুযায়ী, IID গবেষণা, নীতি-আলোচনা ও অ্যাডভোকেসির মাধ্যমে তথ্যভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজ করে। আর YfP তরুণদের নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা, নেতৃত্বের বিকাশ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নীতি-আলোচনায় অংশগ্রহণের সুযোগ তৈরিতে কাজ করছে।
চট্টগ্রাম থেকে সাঈদ আনোয়ার তকির ফাইনালিস্ট হওয়াকে তরুণ নেতৃত্ব বিকাশ ও জননীতি নিয়ে কাজের ক্ষেত্রে জেলার জন্য একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Inside News